জাতীয় উন্নয়ন অবকাঠামো ও জনসেবা খাতের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পের মধ্যে রয়েছে গ্রামীণ সড়কে সেতু নির্মাণ, নদী ও খাল খনন, নদীভাঙন প্রতিরোধ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং মহাসড়ক চার লেনে উন্নীত করা।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত ১৬ প্রকল্পের মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি।
প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা। এ ছাড়া প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় বরাদ্দ রাখা হয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণে। ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত মেয়াদে বাস্তবায়নযোগ্য এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা।
দেশের পানি নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়াতে খাল, ছোট নদী এবং জলাশয় খনন ও পুনঃখননের জন্য ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকার আরেকটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণেও অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পে ব্যয় হবে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত এর বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে। মোট ব্যয়ের মধ্যে সরকার দেবে ৯৮৩ কোটি ৬৪ লাখ টাকা এবং ঢাকা ওয়াসা দেবে ১০ কোটি টাকা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে অনুমোদন পাওয়া সাতটি প্রকল্পের মধ্যে রয়েছে ফরিদপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা, সিলেট বিভাগের চার জেলায় ৫ হাজার ১০৬ কোটি টাকা এবং বৃহত্তর যশোর জেলার উন্নয়নে ২ হাজার ১৯৯ কোটি টাকার প্রকল্প।
এ ছাড়া জয়পুরহাট জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা এবং পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনে ১০৫ কোটি ৯৮ লাখ টাকা ব্যয় বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষায় ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এ ছাড়া মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণে ৫৬৭ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এতে প্রকল্প ঋণ হিসেবে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা রাখা হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ ব্যবস্থার উন্নয়নে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা অনুমোদন করা হয়েছে। পাশাপাশি ঢাকা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন সমস্যা সমাধানে অবকাঠামোগত উন্নয়নের জন্য ৪৯৫ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক উন্নীত করতে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকা এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করতে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়সম্পন্ন আরও ১৪টি প্রকল্প সম্পর্কেও অবহিত করা হয়। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রীর অনুমোদন পেয়েছে।
একনেক সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।