রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতাসহ বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সূত্র জানায়, এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। আটকের পর নজরুল ইসলাম হিরুকে উত্তরায় এসআরবির সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।