রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। হামলাকারীদের সংখ্যা শতাধিক বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টার পর মিরপুর-১৩ নম্বরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ১০০ থেকে ১৫০ জনের একটি দল লাঠি, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভবনটিতে হামলা চালায়। এ সময় ভবনের সামনের কাচের দেয়াল এবং লিফটের চারপাশের ঘেরাও ভাঙচুর করা হয়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনের প্রবেশপথের কাচ ভেঙে ফেলা হয়েছে। হামলাকারীরা কার্যালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা করলেও কাচের দরজার কারণে তা সম্ভব হয়নি বলে দাবি করেছেন কার্যালয়ের কর্মকর্তারা। ঘটনার পর ভবনের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়।
মিল্টনের কার্যালয়ের দপ্তর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, সম্ভাব্য হামলার বিষয়ে গত এক সপ্তাহ ধরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের মাধ্যমে তাঁরা সতর্ক ছিলেন। এ পরিস্থিতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন ও সদস্যসচিবের নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় অবস্থান নেন। ঘটনার সময় তাঁরাও ওই ভবনে ছিলেন।
তিনি বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে ২০-২৫ জন পুরুষের সঙ্গে শতাধিক নারী এসে কার্যালয়ে হামলা চালান। এ সময় ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে থাকা লোকজনের ওপর আক্রমণ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তাঁরা সেখান থেকে সরে যান।
পুলিশকে খবর দেওয়া হলেও হামলার অধিকাংশ ঘটনা ঘটে যাওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান বলে অভিযোগ করেন মামুন পাটোয়ারী।
তাঁর দাবি, হামলার মূল লক্ষ্য ছিলেন শফিকুল ইসলাম খান মিল্টন। ভবনের অন্য স্থাপনার তুলনায় তাঁর কার্যালয়ে বেশি ভাঙচুর চালানো হয়েছে। এ ছাড়া ভবনে থাকা মিল্টনের ছবিও ভাঙচুর করা হয়েছে বলে জানান তিনি।