শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজও সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন সদস্যরা। এ সময় শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সর্বোচ্চ সতর্কতার সঙ্গে নিরাপত্তার দায়িত্ব পালন করা হচ্ছে বলেও জানিয়েছে বিজিবি।