ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানের লাইসেন্স বাড়িয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় আরও দুই লাখ নতুন লাইসেন্স দেওয়ার দাবি জানিয়েছে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ। একই সঙ্গে নারায়ণগঞ্জসহ দেশের অন্যান্য শহরের মতো রাজধানীতেও এসব যানবাহন চলাচলের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোমিন আলী। তিনি বলেন, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কর্মী বেকার হয়ে দেশে ফিরছেন। অন্যদিকে পোশাকশিল্পের পরিস্থিতিও অস্থিতিশীল। পাশাপাশি হকারদের অনেকেরই কাজের সুযোগ নেই।
এমন পরিস্থিতিতে ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান চালানো দেশের লাখ লাখ শিক্ষিত-অশিক্ষিত বেকার মানুষের কর্মসংস্থানের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বলে দাবি করেন তিনি।
মোমিন আলী আরও বলেন, এই খাতের শ্রমজীবী মানুষের স্বার্থের পরিপন্থী কোনো সিদ্ধান্ত সরকার নিলে তার পরিণতি ভয়াবহ হতে পারে।