রাজধানীর নিকেতনের বাসা থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আইনবিষয়ক উপকমিটির সদস্য রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বুধবার (১৮ নভেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবির একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে নিকেতন এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবির একটি দল। ভোর ৪টার দিকে নিজ বাসা থেকে রানা তাজউদ্দিন খানকে গ্রেপ্তার করা হয়।
রানা তাজউদ্দিন খান কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির জামাতা। আলোচিত সাবেক এই সংসদ সদস্য ‘ইয়াবা বদি’ নামে পরিচিত।
রানা তাজউদ্দিন খানের গ্রামের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার বামনিকোর গ্রামে। তার বাবার নাম সুরুজ আলী খান এবং মায়ের নাম মনোয়ারা আক্তার।