দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন। এরপর উপপরিচালক সুমিত্রা সেনের নেতৃত্বে দুই সদস্যের অনুসন্ধান দল তাঁর বক্তব্য নেওয়া শুরু করে।
এর আগে গত ৪ নভেম্বর মেঘনা আলমকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য তলবি চিঠি পাঠানো হয়েছিল। অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানতে চেয়েছিল কমিশন।
দুদক সূত্রে জানা গেছে, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের পাশাপাশি মেঘনা আলমের বিরুদ্ধেও দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
মেঘনা আলম পেশায় মডেল ও উদ্যোক্তা। পাশাপাশি রাজনীতির সঙ্গেও যুক্ত তিনি। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন তিনি।
তিনি ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মেঘনা আলম।