দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন বলে বৈঠকসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে দুপুর আড়াইটায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। প্রায় এক ঘণ্টা ২৫ মিনিট পর বিকেল ৩টা ৫৫ মিনিটে তা শেষ হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের সদস্যরা এতে অংশ নেন।
সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকের মূল মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ও উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া সংসদ সদস্যদের বরাতে জানা গেছে, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পের অবস্থা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় দলের একটি বৈঠক হয়েছিল। চলমান অধিবেশনে এটি ছিল সরকারি দলের দ্বিতীয় সংসদীয় দলের বৈঠক।
সংসদের কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে।