1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন গ্রেপ্তার বিএনপির এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নান্দাইলে ফ্যামিলি কার্ডের কথা বলে সিম বিক্রির অভিযোগ, আটক ১ মুক্তাগাছায় নিখোঁজের একদিন পর ধানক্ষেতে কিশোরীর মরদেহ ময়মনসিংহে ছাত্রলীগের সাবেক নেতা রিগান গ্রেপ্তার রাজধানীর নিকেতন থেকে আ.লীগ নেতা রানা তাজউদ্দিন গ্রেপ্তার একনেকে ৩৩ হাজার কোটি টাকায় ১৬ প্রকল্প অনুমোদন ঢাকায় আরও ২ লাখ ব্যাটারিচালিত রিকশার লাইসেন্স চায় মালিক-শ্রমিক সংগঠন মিরপুরে ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে শতাধিক লোকের হামলা-ভাঙচুর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে দুদকে মেঘনা আলম

নান্দাইলে ফ্যামিলি কার্ডের কথা বলে সিম বিক্রির অভিযোগ, আটক ১

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা প্রচার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ২০০ টাকা নিয়ে গ্রামীণফোনের সিম বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় আমিনুর রহমান নামে এক সিম বিক্রেতাকে আটক করে পুলিশে দেওয়া হয়। পরে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পণ্ডিতপুর গ্রামের আঞ্জু মিয়ার ছেলে রুবেল মিয়া স্থানীয় মসজিদের মাইকে ফ্যামিলি কার্ডসংক্রান্ত ঘোষণা প্রচারের ব্যবস্থা করেন। মসজিদের ইমামের মাধ্যমে জানানো হয়, ফ্যামিলি কার্ড পেতে এনআইডি ও ২০০ টাকা নিয়ে বুধবার সকালে রুবেল মিয়ার দোকানে যেতে হবে। এ ঘোষণার পর কার্ড পাওয়ার আশায় এলাকার শত শত দরিদ্র ও অসহায় নারী সেখানে উপস্থিত হন।

অভিযোগ অনুযায়ী, দোকানে আসা নারীদের প্রত্যেকের কাছে ২০০ টাকার বিনিময়ে একটি করে গ্রামীণফোনের সিম বিক্রি করা হয়। একই সঙ্গে সিম না কিনলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না বলেও জানানো হয়। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে তারা সিম বিক্রেতাকে আটক করে প্রশাসনকে খবর দেন।

অভিযোগের বিষয়ে রুবেল মিয়া মাইকিং করার কথা স্বীকার করলেও ফ্যামিলি কার্ডের ঘোষণা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন। তার দাবি, প্রচারের সময় মসজিদের ইমাম ভুল তথ্য দিয়েছেন। তবে ইমাম আব্দুল মান্নান বলেন, স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে রুবেল মিয়াই তাকে ফ্যামিলি কার্ডের কথা প্রচার করতে বলেছিলেন।

খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আচারগাঁও গ্রামের বাসিন্দা সিম বিক্রেতা আমিনুর রহমানকে আটক করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই ঘটনাস্থল ছেড়ে চলে যান অভিযোগের কেন্দ্রে থাকা রুবেল মিয়া।

স্থানীয় বাসিন্দা রিপন, আরজু ও তাহের উদ্দিন মাস্টার এবং ভুক্তভোগী নারী ফিরোজা ও সাবিনা খাতুন জানান, মাইকিং শুনে ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় তারা দোকানে গিয়েছিলেন। সেখানে ২০০ টাকায় সিম কিনতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেন তারা।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, ঘটনাটি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে একজনকে আটক করা হয়েছিল। তবে পরবর্তী সময়ে বিষয়টি ভুল-বোঝাবুঝির কারণে ঘটেছে বলে জানা গেছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি