ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির সায়মনকে (৩২) রাজধানীর উত্তরায় গ্রেপ্তার করেছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, আলমগীর কবির সায়মন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক। প্রাথমিক তদন্তে নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।