পিরোজপুরের ভান্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে প্রাণ হারিয়েছেন এক বাসশ্রমিক। বুধবার ভোররাতে একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার মো. সিয়াম (২৫) আগুনে পুড়ে মারা যান।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাত পৌনে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সিয়ামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ এবং ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাস দাঁড় করানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দেয়।
আগুন দেখতে পেয়ে টহলরত পুলিশ সদস্যরা আশপাশের বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে দ্রুত জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ‘বাহক’ বাসের ভেতর থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান।
ওসি মো. জগলুল হাসান জানান, দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। অগ্নিসংযোগের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।