ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজামান হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত হিসেবে পরিচিত মেহেদী (৩১) গণপিটুনিতে নিহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টা ১৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মেহেদী নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটের সামনে ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন দুর্বৃত্ত সুরুজামানের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরুজামান মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার বয়স হয়েছিল ৩৫ বছর।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার সন্ধ্যার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করেন। এ সময় হত্যার ঘটনায় অভিযুক্ত হিসেবে পরিচিত মেহেদীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে গভীর রাতে উত্তেজিত লোকজন তাকে গণপিটুনি দেন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সোমবার ভোর ৪টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম গণপিটুনিতে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গণপিটুনিতে একজন মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।