নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এতে কার্যালয়ের মূল ফটক, সীমানাপ্রাচীর ও সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার প্রায় ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক ব্যক্তিকে ব্যাংকের কার্যালয়ের সামনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে যেতে দেখা যায়। এ সময় মূল ফটকের লোহার গেটের সামনের অংশ, দেয়াল ও সাইনবোর্ডে আগুন জ্বলতে দেখা যায়।
গ্রামীণ ব্যাংকের চল্লিশা শাখার ব্যবস্থাপক শাহজাহান আলী জানান, রাতে কার্যালয়ের মূল ফটকের সামনে এবং সাইনবোর্ডের আশপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। বিষয়টি টের পেয়ে নিরাপত্তাকর্মী চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। পরে তাঁরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও জানান, আগুনে সাইনবোর্ড ও দেয়াল সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে স্থানীয়দের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শাখা ব্যবস্থাপক মুঠোফোনে বিষয়টি পুলিশকে জানানোর পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।