ময়মনসিংহ নগরীতে শিশু মেয়েকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে ছুরিকাঘাতে খুন হয়েছেন সুরুজ্জামান (৩২) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বাড়েরা এলাকার মুজিব মার্কেটের সামনে ভুট্টোর কাপড়ের দোকানের কাছে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত সুরুজ্জামান মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য। তিনি স্থানীয় মধ্য বাড়েরা এলাকার মৃত আবু বক্কর সিদ্দিক ব্যাপারীর ছেলে। পেশায় তিনি মৎস্য চাষ ও বালু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। দুই সন্তানের জনক সুরুজ্জামানের বড় ছেলে আদিব মাহমুদের বয়স ১৩ বছর। তাঁর চার বছর বয়সী মেয়ের নাম আদিবা।
নিহতের বড় ভাই ও মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুমান কাউসার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগের একটি সন্ত্রাসী চক্র আগে এলাকায় বালু ব্যবসা করত। বর্তমানে তাদের বালু ব্যবসা করতে না দেওয়ায় তাঁর ভাইকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। ওই চক্রের সদস্যদের বিরুদ্ধে এর আগেও হত্যা মামলা ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি। ভাই হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন রুমান কাউসার।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, শিশু সন্তানকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন সুরুজ্জামান। ঘটনাস্থলের কাছে মোটরসাইকেলের গতি কমালে স্থানীয় মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। এ সময় তাঁর বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।