জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রভাবিত করার কোনো উদ্দেশ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ঘটনার দিন তিনি কোনো চূড়ান্ত মন্তব্য করেননি; বরং সংশ্লিষ্টদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রাথমিক ধারণা তুলে ধরেছিলেন।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে নুসরাত তাবাসসুম তাঁর বসতবাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর আগের বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সংসদে ঘটনাটিকে ‘শর্ট সার্কিট’ ও ‘পরিত্যক্ত বাড়ি’ হিসেবে উপস্থাপন করায় তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা জানান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১১ নভেম্বর দিবাগত রাত ১২টা ২০ মিনিটে কুষ্টিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন সংসদে বিরোধী দলের চিফ হুইপ বিষয়টি উত্থাপন করলে তিনি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি বক্তব্য দেন।
মন্ত্রী জানান, ঘটনার দিন সকালেই ফায়ার সার্ভিসের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, পুলিশ সুপার ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। পরে বিকেলে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালককে (ডিডিএলজি) প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে বিজিবির মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা, পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবং ফায়ার সার্ভিসের একজন অতিরিক্ত পরিচালককে রাখা হয়েছে।
তদন্ত কমিটির কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কমিটির গঠনের আদেশের অনুলিপি ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। শুক্রবার ও শনিবারসহ তিন দিনের সময় দিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। রোববার কমিটির মেয়াদ শেষ হচ্ছে এবং সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
আগের বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, ঘটনাস্থলে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্ট সংস্থাগুলো পেট্রোল বোমার কোনো আলামত পায়নি। একই সঙ্গে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনার কথাও বিবেচনায় ছিল। তবে এগুলো ছিল প্রাথমিক ধারণা, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তদন্ত শেষ হওয়ার পরই প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।
ঘটনার ভিডিও ফুটেজ ও ক্ষয়ক্ষতির প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুনে একটি ছাগল মারা যাওয়ার বিষয়টি সত্য। সেখানে গরুও ছিল বলে তিনি শুনেছেন। বাড়ি থেকে কেউ বের হননি—এমন দাবি তিনি কখনো করেননি। পরবর্তী সময়ে তিনি নিজেও ভিডিও ফুটেজ দেখেছেন, যেখানে এক নারীকে কোলে শিশু নিয়ে বাড়ি থেকে বের হতে দেখা যায়। এসব বিষয় তদন্তের আওতাভুক্ত বলে জানান তিনি।
মন্ত্রী আরও জানান, ঘটনার দিন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরবর্তী সময়ে মামলার বিষয়টিও আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে। টেলিফোনে হুমকির ঘটনায় করা জিডি এবং সাইবার অপরাধীদের শনাক্ত করার বিষয়েও আইনানুগ কার্যক্রম চলছে।
তদন্ত প্রভাবিত করার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি কিংবা সংসদের কেউ তদন্তকে প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো বক্তব্য দেননি। কোনো সংসদ সদস্যের ওপর হামলা কিংবা জানমালের ক্ষতি করার ঘটনাকে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, কোনো সংসদ সদস্যের মনে তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। এটি অসংসদীয় বক্তব্য নয়। স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু তদন্তের ব্যবস্থা নিয়েছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন, তাই তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা উচিত। একই সঙ্গে নুসরাত তাবাসসুমকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।