গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় থানা ঘেরাওয়ের পর পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর একপর্যায়ে থানার ভেতরে ঢুকে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রাত ৮টা পর্যন্ত এলাকায় হামলা ও সহিংসতা চলছিল।
স্থানীয় সূত্র জানায়, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাশকতার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা থানাটি ঘেরাও করেন বলে অভিযোগ উঠেছে।
এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রের দাবি।
একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটলে তাঁরা থানার ভেতরে প্রবেশ করেন। সেখানে হামলা ও ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। এতে পুলিশের একাধিক গাড়ি আগুনে পুড়ে যায়।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি। ফলে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।