কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে দলটিকে আবার সংগঠিত হওয়ার সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, মাথা তুলে দাঁড়ানোর আগেই ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের চেতনায় এই গোষ্ঠীকে প্রতিহত করতে চান।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রায় ৩৮ মিনিটের বক্তব্যে তিনি আওয়ামী লীগের কর্মকাণ্ড, দেশে-বিদেশে সন্ত্রাসী তৎপরতার অভিযোগ এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, সরকার যখন দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে এবং সংসদে আলোচনার মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণের উদ্যোগ নিয়েছে, তখন পতিত ও পলাতক ফ্যাসিস্ট অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। হত্যা, গুম ও নির্যাতনের পরও তাদের আচরণে পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা এবং যুক্তরাষ্ট্রে সফররত এনসিপি নেতাদের সঙ্গে আচরণের বিষয়গুলো দেশবাসী দেখেছে। এ ছাড়া ইতালিতে বাংলাদেশের এক নারী শিল্পীর ওপর হামলার ঘটনাও উল্লেখ করেন তিনি।
তারেক রহমানের অভিযোগ, আওয়ামী লীগের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে গণতন্ত্রকামী মানুষের বাড়িঘরে আগুন দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তাঁদের হত্যার জন্য তালিকা তৈরির নির্দেশ দেওয়ার কথাও বলেন তিনি। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে দলটি নিজেদের রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, এই গোষ্ঠীকে যারা আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থানও স্পষ্ট। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ অন্য কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশ নেয়নি।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, দুই সময়েই অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষার লড়াই হয়েছে। সেই বাংলাদেশকে আবার অন্যের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগ করেন।
এ পরিস্থিতিতে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর পাশাপাশি সংসদের বাইরে থাকা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোকেও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। তাঁর ভাষ্য, পতিত ও পরাজিত অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দলমত-নির্বিশেষে সবাইকে এক মঞ্চে দাঁড়াতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ঐক্যবদ্ধভাবে ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সকলে এক মঞ্চে দাঁড়াই।’
বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেওয়া ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’ স্লোগানও পুনরায় সামনে আনার কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং স্বাধীন-সার্বভৌম সংসদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশকে আর কোনো তাঁবেদারি শক্তির হাতে ছেড়ে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।