চট্টগ্রাম নগরীর হালিশহর থানা পুলিশের চুরি হওয়া পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কর্ণফুলী থানার ফকিরনীর হাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।
সিএমপির সহকারী কমিশনার আমিনুর রশিদ জানান, পিকআপ ভ্যানটি চুরির পরপরই উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে সেটি ফেলে পালিয়ে যান চোর। পরে পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, গাড়িটি উদ্ধার করা গেলেও চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করা যায়নি। তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের পাশের সড়কে রাখা পিকআপ ভ্যানটি চুরি হয়। টহলরত পুলিশ সদস্যরা খাবার খেতে গেলে এক ব্যক্তি নিজের কাছে থাকা চাবি দিয়ে গাড়ির দরজা খুলে সেটি নিয়ে চলে যান।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের পরপরই ওই ব্যক্তি চাবি দিয়ে পিকআপের দরজা খোলেন। এরপর গাড়িতে উঠে আগ্রাবাদের দিকে চলে যান।
পিকআপ ভ্যানটি দিয়ে হালিশহর থানা পুলিশের এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে দুই কনস্টেবল টহল দিচ্ছিলেন। পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।