ময়মনসিংহের গৌরীপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পৌর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ রিগানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৫ সালের এপ্রিলে বোকাইনগর ইউনিয়নের ডালিয়া ব্রিজে ছাত্রলীগের মিছিলের ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে গৌরীপুর পৌর শহরের কলাবাগান মহল্লা থেকে রিগানকে গ্রেপ্তার করা হয়। পরদিন বুধবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল আহাদ রিগান কলাবাগান মহল্লার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।