শ্রমজীবী মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি প্রধান শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ্রমিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে গাজীপুরের টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, ঢাকার সাভার ও চট্টগ্রামে একটি করে মোট ছয়টি হাসপাতাল স্থাপন করা হবে। এসব হাসপাতালে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক অনির্ধারিত প্রশ্নের জবাবে এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য বাস্তবায়নে দেশের গুরুত্বপূর্ণ ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যার একটি করে হাসপাতাল নির্মাণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাসপাতালগুলো বিশেষভাবে শ্রমিকদের চিকিৎসাসেবার জন্যই পরিচালিত হবে। এগুলোর নামকরণ ও নির্মাণপ্রক্রিয়াও শ্রমিকদের সেবার বিষয়টি বিবেচনায় রেখে নির্ধারণ করা হবে।
বক্তব্যে দেশের জ্বালানি, শিল্প ও চিকিৎসা খাতের অতীত পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, বিগত স্বৈরাচারী শাসনামলে এসব খাতকে পরিকল্পিতভাবে দুর্বল ও অকার্যকর করে ফেলা হয়েছিল। দেশীয় খনিজ সম্পদের যথাযথ ব্যবহার না করে জ্বালানি খাতকে আমদানিনির্ভর করা হয়।
শিল্পের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হওয়ার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, অতীতে এমন নীতি গ্রহণ করা হয়েছিল, যার কারণে দেশের শিল্প খাত প্রত্যাশিতভাবে এগোতে পারেনি। একইভাবে চিকিৎসাব্যবস্থাও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাসেবা ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যাতে বাংলাদেশের মানুষকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হতো বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান সরকারের দায়িত্ব ও অগ্রাধিকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার হিসেবে সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার। শ্রমিকসমাজের চিকিৎসাসেবা নিশ্চিত করাও সেই উদ্যোগের অংশ।
তিনি আরও জানান, এর আগে সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও দেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় শ্রমজীবী মানুষের অধিকার সুরক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।