বাবা-মায়ের স্নেহ-ছায়াহীন এতিম শিশুদের অধিকার, সুরক্ষা, শিক্ষা ও কল্যাণ নিশ্চিত করার প্রত্যয়ে আজ ৯ নভেম্বর (সোমবার) পালিত হচ্ছে বিশ্ব এতিম শিশু দিবস। বিশ্বের কোটি কোটি এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর জীবনমান উন্নয়নে সচেতনতা বাড়াতে প্রতি বছর নভেম্বর মাসের দ্বিতীয় সোমবার দিবসটি পালন করা হয়। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘এতিমদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’।
দিবসটির মূল উদ্দেশ্য বিশ্বজুড়ে এতিম শিশুদের মৌলিক অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি এবং তাদের জন্য নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ গড়ে তোলা। শিশুদের শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের পাশাপাশি এতিমখানায় পুষ্টিকর খাবার, পোশাক, বই-খাতা ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী সরবরাহের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষা ও ভাষাগত দক্ষতা অর্জনের মতো যুগোপযোগী উদ্যোগের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়।
বাংলাদেশেও এতিম শিশুদের কল্যাণে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান ও কার্যক্রম রয়েছে। সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, এতিমদের দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার চেষ্টা করছে। এতিম ও দুস্থ মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়ার পাশাপাশি অনাথ ও এতিমদের জন্য কার্যক্রমের পরিধি বাড়ানো হচ্ছে।
সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, এতিম ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সমাজের ধনী ও বিত্তশালী ব্যক্তিদেরও এগিয়ে আসা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষের কল্যাণে কাজ করা সম্ভব।
এদিকে, দেশের বেসরকারি এতিমখানার শিশুদের খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তির সরকারি ভাতা হিসেবে ১৪০ কোটি ১১ লাখ ৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদনের পর দেশের ৬৪ জেলার ৪ হাজার ২০৯টি বেসরকারি এতিমখানার ১ লাখ ১৬ হাজার ৭৫৯ শিশুর অনুকূলে এ অর্থ মঞ্জুর করা হয়েছে।
বিশ্ব এতিম শিশু দিবস উপলক্ষে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন এবং তাদের জন্য নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।