বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, কোনো দণ্ডিত অপরাধীকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। দণ্ডিত অপরাধীর পাসপোর্ট চাওয়ার দাবি ‘মামাবাড়ির আবদার’ বলেও মন্তব্য করেন তিনি। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গণহত্যার দায়ে দণ্ডিত শেখ হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনার দাবি জানান এই বিএনপি নেতা।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা চত্বরের মুক্তমঞ্চে আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে এমরান সালেহ প্রিন্স বলেন, পলাতক আওয়ামী লীগ ভিনদেশি আধিপত্যবাদী শক্তির তুরুপের তাস। পটকা ফুটিয়ে, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশে দেশবিরোধী কোনো এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনা এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলার সক্ষমতা দেখিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রশাসনের প্রতি ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি পক্ষ নতুন করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। এ পরিস্থিতিতে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় তাদের গতিবিধি পর্যবেক্ষণ এবং জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, গণঅভ্যুত্থানের আগে শেখ হাসিনা দেশ ছেড়ে যাবেন না বলে মন্তব্য করেছিলেন। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মুখে তিনি দেশ ছেড়ে চলে যান। এখন দেশে ফেরার কথা বললেও অতীতের বক্তব্য ও কাজের মধ্যে বিপরীত চিত্র দেখা গেছে বলে দাবি করেন প্রিন্স। তাঁর অভিযোগ, দেশে ফেরার বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের সংগঠিত করে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, দিনটি বাংলাদেশের ইতিহাসে জাতীয় সংহতি ও দেশপ্রেমের গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় নেতৃত্বের কেন্দ্রে উঠে আসেন। দিনটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা পুনর্জাগরণের স্মারক বলেও মন্তব্য করেন তিনি।
এমরান সালেহ প্রিন্স আরও বলেন, ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বরের মতো ৭ নভেম্বরও ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন। এ দিবসকে যারা ম্লান করতে চায়, তারা দেশের সার্বভৌমত্বকে আধিপত্যবাদের কাছে বন্দী রাখতে চায় বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে একাধিকবার ৭ নভেম্বর বাতিল করেছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে প্রিন্স বলেন, দুই সহস্রাধিক মানুষের মৃত্যুর পরও দলটি ক্ষমা চায়নি বা অনুশোচনা প্রকাশ করেনি। জনগণ তাদের আর ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণই সরকারের প্রধান দায়িত্ব। কর্মসংস্থান, কৃষকের ন্যায্যমূল্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দিয়ে দেশ পুনর্গঠনের কাজ চলছে।
ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির সদস্যসচিব আনিসুর রহমান মানিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি মিছিল বের করা হয়। সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে মিছিলটি উপজেলা চত্বরের মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধোবাউড়া বাজারে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।