বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিবর্তিত নামের তালিকায় রয়েছে ‘জয় বাংলা’ এবং জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানের নামে থাকা চারটি জাহাজ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। কোস্টগার্ডের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
অনুমোদিত তালিকা অনুযায়ী, পিসি-২০৮ নম্বর জাহাজ ‘বিসিজিএস জয় বাংলা’র নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।
অন্য চারটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। পিএল-৭১ নম্বর ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ এখন থেকে পরিচিত হবে ‘বিসিজিএস ফিরোজ কবীর’ নামে। পিএল-৭২ নম্বর ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর নতুন নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’।
এ ছাড়া পিএল-৭৩ নম্বর ‘বিসিজিএস মনসুর আলী’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’। পিএল-৭৪ নম্বর ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নতুন নাম হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, জাহাজগুলোর নাম পরিবর্তনে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মারজিনা হোসেন।
তবে নাম পরিবর্তনের কারণ কিংবা নতুন নাম নির্বাচনের ভিত্তি সম্পর্কে চিঠিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
এ বিষয়ে কোস্টগার্ডের মিডিয়া উইং জানিয়েছে, নতুন নাম পাওয়া চার ব্যক্তিই বিভিন্ন সময়ে দেশের প্রয়োজনে প্রাণ উৎসর্গ করেছেন।