সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর ভাষ্য, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে দুই দেশের বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলকে বিদায় জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
হুমায়ুন কবির বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফেরাতে কোনো সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু করা হবে না। তাঁকে দিল্লি থেকে ফিরিয়ে আনতে দুই দেশের মধ্যে থাকা বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসরণ করতে হবে।
বাংলাদেশ, চীন ও মিয়ানমারকে নিয়ে পরিকল্পিত ত্রিপক্ষীয় করিডোর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ উদ্যোগ নিয়ে কোনো ভূ-রাজনৈতিক শঙ্কা দেখছে না বাংলাদেশ। করিডোরটি বাস্তবায়িত হলে পুরো অঞ্চল গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হতে পারে। এ আঞ্চলিক উদ্যোগে যুক্ত হতে ঢাকার যথেষ্ট আগ্রহ রয়েছে। তবে এর আগে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন।
চীনা প্রতিনিধিদলের এ সফরের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় এবং কৌশলগত সম্পর্ক আরও গভীর ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন হুমায়ুন কবির।