গোপালগঞ্জ জেলা স্কুলের শ্রেণিকক্ষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে নয় শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়া।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি কয়েকজন শিক্ষার্থী শ্রেণিকক্ষে ওই স্লোগান দেয়। এ ঘটনার পর শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক তৈরি হয় বলে সূত্রটি জানিয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর অভিযুক্ত শিক্ষার্থীদের অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে তাঁদের হাতে ছাড়পত্র তুলে দেওয়া হয়।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. জিয়া বলেন, শ্রেণিকক্ষে নয় শিক্ষার্থী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়েছিল। তাঁর ভাষ্য, শিক্ষার্থীরা বিদ্যালয়ের শৃঙ্খলা ও নিয়মনীতি ভঙ্গ করেছে এবং পড়াশোনার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করেছে। শিক্ষাঙ্গনের পরিবেশ ঠিক রাখতেই তাদের টিসি দেওয়া হয়েছে।