ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিউমোনিয়ার পাশাপাশি শিশু দুটির মৃত্যুর কারণ হিসেবে সন্দেহজনক হামের উপসর্গের কথা উল্লেখ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকালে হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ঝন্টু সরকার এ তথ্য জানান। মারা যাওয়া শিশু দুটির বয়সই ১০ মাস।
মৃত শিশুদের একজন মেয়ে। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার নিলগাঁও এলাকায়। গত ৫ নভেম্বর বিকেল ৩টা ১৫ মিনিটে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্য শিশুটির বাড়ি কিশোরগঞ্জের বিলবলুয়া এলাকায়। গত ৮ নভেম্বর সকাল ১০টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৫৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬০ শিশু। বর্তমানে হাসপাতালটিতে ১৭২ শিশু চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতালের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৭ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬ হাজার ১৮১ শিশু ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে মারা গেছে ৮৭ শিশু। বিপরীতে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ৯২২ শিশু।