বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেট সংলগ্ন রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে আনন্দ মোহন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি।
সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন আনন্দ মোহন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ সম্পাদক ঝিনুক এবং তাঁর সহযোগী নির্জন। এ সময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শৈবাল পালিয়ে যান বলে সংশ্লিষ্টদের দাবি।
বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের ইয়াছিন মার্কেট সংলগ্ন রেললাইন এলাকায় তিনজন আগুন দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় সাধারণ শিক্ষার্থী ও অন্যরা তাদের দেখতে পেয়ে আটক করেন। ধস্তাধস্তির একপর্যায়ে শৈবাল পালিয়ে গেলেও বাকি দুজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, পরে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইব বলেন, ঘটনার সময় তাঁরা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট গেটে ছিলেন। তাঁদের কর্মীরা দুজনকে আটক করার খবর দিলে তিনি শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি আটক দুজনকে থানায় সোপর্দ করে।