দেশের বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা, টহল ও তল্লাশি কার্যক্রম বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে দেশের ৬৪ জেলার পুলিশ সুপার, সব মহানগর পুলিশের কমিশনার এবং রেঞ্জ ডিআইজিরা ভার্চুয়ালি অংশ নেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, যেকোনো পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন আইজিপি। এজন্য মাঠপর্যায়ে পুলিশের উপস্থিতি বাড়ানো এবং সন্দেহজনক কর্মকাণ্ডের ওপর নজরদারি জোরদার করতে বলা হয়েছে।
বৈঠকে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে পেশাদারিত্বের সঙ্গে আইনের আওতায় আনার নির্দেশ দেন পুলিশপ্রধান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষার নামে নিরপরাধ কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
নিরাপত্তাব্যবস্থা জোরদারের অংশ হিসেবে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশের ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ১৯টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
এসব ঘটনায় এখন পর্যন্ত ১১টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।