যুক্তরাষ্ট্র সফররত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তাঁর জন্য বিশেষ নিরাপত্তা ও প্রটোকলের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা বিষয়টি নিশ্চিত করেছেন। সাবেক সরকারপ্রধান হিসেবে ড. ইউনূসকে অতিরিক্ত নিরাপত্তা ও বিশেষ প্রটোকল দেওয়া হচ্ছে।
গত সোমবার নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে একদল ব্যক্তির মুখোমুখি হন ড. ইউনূস। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে সমালোচনা ও নিন্দা জানানো হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিউইয়র্ক ও ওয়াশিংটনে বাংলাদেশের মিশন এবং কনস্যুলেটের কর্মকর্তাদের ড. ইউনূসের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিমানবন্দরের ঘটনাটির নিন্দা জানিয়ে বাংলাদেশ সরকার জানায়, দেশের বাইরে ড. ইউনূসের মতো একজন বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে এমন ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে সতর্ক রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস ঘটনাটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে জানিয়েছে। নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটও সিটি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে।
এ ছাড়া বিমানবন্দরের দায়িত্বে থাকা পোর্ট অথরিটি ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী তথ্যের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ কনস্যুলেট।