ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে সম্মেলন কক্ষ ত্যাগ করেছে বাংলাদেশের প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা ও নিরাপত্তাবিষয়ক ‘সিকা’ শীর্ষ সম্মেলনে এ ঘটনা ঘটে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে ইসরায়েলি প্রেসিডেন্ট ভাষণ শুরু করলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা কক্ষ ছেড়ে বেরিয়ে যান।
বাকু থেকে পাওয়া তথ্যানুযায়ী, বাংলাদেশের সঙ্গে আরও কয়েকটি দেশের প্রতিনিধিরাও একই প্রতিবাদে অংশ নেন। তাঁরাও ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে সম্মেলন কক্ষ ত্যাগ করেন।
এশিয়া অঞ্চলে পারস্পরিক সহযোগিতা, নিরাপত্তা ও আস্থা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনার লক্ষ্যে আজারবাইজানের রাজধানী বাকুতে সিকা’র সপ্তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন সদস্য দেশগুলোর শীর্ষ নেতা ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা।