বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। ২০২৪ সালের ৪ আগস্ট গোয়ালন্দে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় করা মামলায় তাঁকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিয়মিত হাজিরা দিতে আদালতে গেলে গোয়ালন্দ আমলী আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন। এর আগের দিন বুধবার (১৪ অক্টোবর) গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক হুমায়ুন রেজা তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
কাজী কেরামত আলীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩৩২/২৪ নম্বর মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন তাঁর মক্কেল। পরে উচ্চ আদালত থেকে ওই মামলায় জামিন পান তিনি।
আইনজীবীর ভাষ্য অনুযায়ী, এরপর ৩৩৪/২৪ নম্বর মামলায় কাজী কেরামত আলীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। ওই মামলাতেও তিনি জামিন পান। পরবর্তী সময়ে ৩৬৫/২৪ নম্বর মামলায় তাঁকে আবার শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।
৩৬৫/২৪ নম্বর মামলায় বৃহস্পতিবার নিয়মিত হাজিরার দিন নির্ধারিত ছিল। তবে এর আগের দিন বুধবার তাঁকে নতুন আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। বৃহস্পতিবার আদালতে হাজির হলে বিচারক সেই আবেদন মঞ্জুর করেন।
আইনজীবী আরও জানান, ২০২৫ সালের ৬ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে কারাগারে রয়েছেন কাজী কেরামত আলী।