থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন সুইডেন আসলাম।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার জন্য টিকিট কেটে বিমানবন্দরে যান তিনি। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়। পরে গ্রেপ্তার সুইডেন আসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সুইডেন আসলামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে ২২টি মামলার ৯টি হত্যা মামলা বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ছিলেন সুইডেন আসলাম। ১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরবর্তী সময়ে একাধিক হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগে আলোচনায় আসেন তিনি।
একপর্যায়ে সুইডেনে অবস্থান করেন আসলাম। সেখান থেকে দেশে ফেরার পর তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়।
২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন কারাগারে রাখা হয় তাকে। ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। পরে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান নব্বইয়ের দশকের আলোচিত এই শীর্ষ সন্ত্রাসী।