1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউল আহসানের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, মঙ্গলবার শুরু হবে যুক্তিতর্ক জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবার দুপুরে বৈঠকে বসছে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা এসএমই খাতের বিকাশ ছাড়া উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জন সম্ভব নয়: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বাস আটকে অস্ত্র প্রদর্শন ও ‘জয় বাংলা’ স্লোগান, অভিযুক্ত ঢাকা কলেজ ছাত্রদল কর্মী টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগ, পুলিশ আসার আগেই জানালা ভেঙে পালালেন নারী জাককানইবিতে চালু হচ্ছে চায়নিজ, কোরিয়ান ও আরবি ভাষা শিক্ষা গোপালগঞ্জে দুই থানা পুড়িয়ে দেওয়ায় বন্ধ দাপ্তরিক সেবা, ভোগান্তিতে মানুষ পাবনায় আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বেড়া থানার ওসি প্রত্যাহার পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা

জাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জাতীয় স্বার্থে প্রয়োজন হলে সরকারকে সমর্থন দেওয়ার পাশাপাশি ভুল হলে প্রতিবাদ করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে প্রবাসীসহ দেশ-বিদেশের নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে সরকারের ভালো উদ্যোগে সমর্থন দেওয়া হবে। তবে কোনো ভুল হলে তার প্রতিবাদও করা হবে। বিরোধী দলের দায়িত্ব জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে অবস্থান নেওয়া।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান দেখাতে হবে, যোগ্য ও সৎ ব্যক্তিদের দিয়ে দেশ পরিচালনা করতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। পাশাপাশি দেশের সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

প্রবাসীদের ভূমিকার প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, দেশের উন্নয়নে প্রবাসীদের শুধু আর্থিক রেমিট্যান্স নয়, তাঁদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনও কাজে লাগাতে চান তাঁরা। এ ক্ষেত্রে ‘ইন্টেলেকচুয়াল রেমিট্যান্স’ বা মেধাভিত্তিক অবদানকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

বিশ্বের বিভিন্ন দেশে থাকা মেধাবী বাংলাদেশিদের দেশে ফিরে উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ তৈরি করার প্রত্যাশা ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, তাঁদের সঙ্গে অতিথির মতো নয়, পরিবারের সদস্যের মতো আচরণ করার পরিবেশ গড়ে তুলতে চান তাঁরা।

জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আন্দোলনে অংশ নেওয়া অনেক যোদ্ধা শারীরিকভাবে গুরুতর ক্ষতিগ্রস্ত হলেও তাঁদের মনোবল অটুট রয়েছে। জাতির প্রয়োজনে আবারও সংগ্রামে অংশ নেওয়ার প্রস্তুতির কথাও আহতদের কাছ থেকে শুনেছেন বলে জানান তিনি।

জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় কার্যকর করার দাবি সংসদেও তুলে ধরা হয়েছে। জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে রাজনীতি করা সম্ভব নয় উল্লেখ করে তিনি রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করার ওপর গুরুত্ব দেন।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি তাঁদের শত্রু নয়। দেশের বিরুদ্ধে কোনো দল বা ব্যক্তির অপকর্মই তাঁদের বিরোধিতার বিষয়। তাঁরা একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান।

অনুষ্ঠানে পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল প্রবাসীদের পক্ষ থেকে বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক শিবলী সোহাইল এবং ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু ইউসুফ। এ ছাড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবালও অনুষ্ঠান পরিচালনায় অংশ নেন।

অনুষ্ঠানে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মুহাম্মদ নজরুল ইসলামসহ অস্ট্রেলিয়ায় বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বক্তব্যের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন প্রত্যাশা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি