সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা শ্রদ্ধা জানান।
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন।
এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে অভিবাদন জানায়। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে রাষ্ট্রপতি শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
রাষ্ট্রপতি শিখা অনির্বাণে পৌঁছালে তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।
এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে করুণ সুর বাজানোর পর তিনি শিখা অনির্বাণ প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ শুরু করেন। স্বাধীনতার পর থেকে ঐতিহাসিক দিনটি প্রতিবছর যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।
মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
এ ছাড়া দিবসটি উপলক্ষে সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।