ময়মনসিংহের হালুয়াঘাট থানায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে থানার সেরেস্তা কক্ষে সংরক্ষিত বেশ কিছু দাপ্তরিক নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত ও নাশকতার সম্ভাবনা খতিয়ে দেখতে জেলা পুলিশ ও ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
রোববার (২২ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিআইডির কর্মকর্তারা। তাঁরা ক্ষতিগ্রস্ত কক্ষ ও পুড়ে যাওয়া নথিপত্র পর্যবেক্ষণ করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আগুনে ক্ষতিগ্রস্ত কাগজপত্রের মধ্যে মামলাসংক্রান্ত নথি, দাপ্তরিক রেকর্ড কিংবা গোপনীয় কোনো নথি রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব নির্ধারণ করা যায়নি।
হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান খন্দকার জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে সেরেস্তা কক্ষে সংরক্ষিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম জানান, জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ রেঞ্জের পক্ষ থেকেও পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান জানান, সিআইডির একটি দলসহ তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। অগ্নিকাণ্ডটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা নির্ধারণে রেঞ্জ পুলিশের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটিকেও তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে।