নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবরকে মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কালিয়ার বেন্দারচর গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে প্রচার করা হচ্ছে। তবে পুলিশের দাবি, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা।
পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পূর্বে ধারণ করা ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে দেশ-বিদেশে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, বেন্দারচর এলাকায় কোনো হিন্দু বসতি নেই এবং ওই ঘটনায় হিন্দু সম্প্রদায়ের কোনো পরিবার বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেনি।
বিজ্ঞপ্তিতে ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে বলা হয়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে কালিয়া থানাধীন বেন্দারচর সুইচগেট সংলগ্ন বটতলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির একটি মিছিলে হামলা চালান। এতে কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন শেখ (৪৫) ও কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা নিহত হন।
পুলিশ জানায়, ওই হত্যাকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দিশা বিশ্বাস ও রাকিব বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, হত্যাকাণ্ডের জেরে গত ২০ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে নিহতদের স্বজন এবং বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী বেন্দারচর গ্রামে জড়ো হন। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি বাড়িতে হামলা চালিয়ে চলে যান।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।