জাতীয় ঐক্যের সংলাপে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া; রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার সূচনা হচ্ছে এনসিপিকে দিয়ে
প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে জাতীয় ঐক্য ও রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আগামীকাল সোমবার দুপুরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। সংলাপে অংশ নিতে প্রধানমন্ত্রীর আমন্ত্রণেও সাড়া দিয়েছে দলটি।
জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এনসিপির সঙ্গে সোমবারের বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হচ্ছে। এরপর জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।
যুক্তরাজ্য সফরে থাকা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার বিকেলে দেশে ফিরবেন। তাঁর দেশে ফেরার পর প্রতিনিধিদলের বাকি সদস্যদের নাম আলোচনা করে চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর দলের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে।
প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচকভাবে গ্রহণ করার কথা জানিয়ে এনসিপি বলেছে, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত।
সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রের তথ্য অনুযায়ী, এ সংলাপ আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে শুরু হয়েছে।