কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সহিংসতা, নাশকতা, অর্থ পাচার ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ বিদেশি কূটনীতিকদের কাছে তুলে ধরেছে সরকার। দলটির কর্মকাণ্ডে দেশে ভীতি ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হচ্ছে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় বিদেশি কূটনীতিকদের নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব অভিযোগ ও পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দিয়ে দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে। রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে দলটির নেতা-কর্মীরা সহিংসতা ও নাশকতায় জড়াচ্ছেন। এর মাধ্যমে দেশের অর্থনৈতিক সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক নিরাপত্তা চ্যালেঞ্জ সম্পর্কে বিদেশি কূটনীতিকদের অবহিত করতে এ ব্রিফিংয়ের আয়োজন করে। সকাল ৯টায় শুরু হওয়া বৈঠকটি প্রায় আধা ঘণ্টা চলে। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, জাপান ও ভারতসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সব মিলিয়ে ৫০টির বেশি মিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক বন্ধু ও অংশীদারদের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততাকে সরকার গুরুত্ব দেয়। গণতান্ত্রিক উত্তরণ, প্রাতিষ্ঠানিক সংস্কার ও অর্থনৈতিক পুনরুদ্ধারের মাধ্যমে শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তিনি আন্তর্জাতিক মহলের সহযোগিতা কামনা করেন।
ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ মানুষের মধ্যে ভীতি ও নিরাপত্তাহীনতা তৈরি করতে চায়। রাজনৈতিক বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত উসকে দেওয়া হচ্ছে।
এ ছাড়া দলটির নেতা-কর্মীদের বিদেশে সন্ত্রাসবাদ ও অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে এসব কর্মকাণ্ডে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতা চান তিনি।
হুমায়ুন কবির জানান, দেশের গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত হতে পারে—এমন পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দৃঢ়, পেশাদার ও আনুপাতিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ঘটনাগুলোর তদন্ত চলছে এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হচ্ছে।
তবে এসব পদক্ষেপের পাশাপাশি যথাযথ আইনি প্রক্রিয়া, মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার বিষয়েও সরকারের অঙ্গীকারের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।