রাজধানীর পল্টন এলাকা থেকে আওয়ামী লীগের এক নেতাকে আটক করে সেদ্ধ ডিম, পানি ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তাঁর অনুসারীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে পল্টন এলাকায় এ ঘটনা ঘটে। পরে আটক ওই ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আটকের পর রবিউল ইসলাম নয়ন ওই ব্যক্তির পরিচয় এবং সেখানে অবস্থানের কারণ জানতে চান। জবাবে ওই ব্যক্তি নিজেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে পরিচয় দেন।
ভিডিওতে নয়ন অভিযোগ করেন, শেখ হাসিনার আগমন কিংবা দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা নিয়ে ওই ব্যক্তি এলাকায় অবস্থান করছিলেন। এ ধরনের পরিকল্পনায় জড়িত পদধারী নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।
একপর্যায়ে আটক ব্যক্তিকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে তাঁকে দুটি সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন নয়ন। পাশাপাশি উপস্থিত নেতাকর্মীদের তাঁর মানিব্যাগ ও মোবাইল ফোন যথাযথভাবে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। কোনো জিনিসপত্র যেন হারিয়ে না যায়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
পরে ওই আওয়ামী লীগ নেতাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।