ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় তাঁর মৃত্যু হয়। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে জানা গেছে, বগুড়ার মমইনে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
শুটিং ইউনিট সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। আগামীকাল তাঁর শুটিং শেষ হওয়ার কথা ছিল।
মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন তিনি। পরে ইউনিটের এক সদস্য তাঁকে ডাকতে হোটেলের কক্ষে যান। সেখানে বিছানায় তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন ওই সদস্য। তাঁর চিৎকারে ছুটে আসেন শুটিং ইউনিটের অন্য সদস্যরা।
পরে দ্রুত সোহেল খানকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।