পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় টানা প্রায় ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এ সময়ে প্রায় ৩২০ মেগাওয়াট ক্ষমতায় মোট ৭ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ সরবরাহ করেছে কেন্দ্রটি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।
জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয় দফায় রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। প্রাথমিকভাবে ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময় অতিক্রম করে প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকে।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা এই কার্যক্রমকে দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। তাঁদের মতে, এটি কেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রেও উল্লেখযোগ্য অর্জন।
দ্বিতীয় দফায় বিদ্যুৎ সরবরাহ শেষ হওয়ার পর ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহের সময়কার বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও পারফরম্যান্স বিশ্লেষণ করা হচ্ছে। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা তাঁদের জন্য আনন্দ ও গর্বের বিষয়। তাঁর ভাষ্য অনুযায়ী, এই অর্জন এনপিসিবিএলের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ার অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।