1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে হুমায়ুন কবিরের কড়া বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে দেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, প্রত্যাশা ও বাস্তবতা এক বিষয় নয়। তাঁর ভাষ্য, প্রত্যর্পণ ছাড়া কাউকে দেশে ফিরতে দেওয়া হবে না। শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন উল্লেখ করে তিনি বলেন, তাঁকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমে ফিরিয়ে আনা সম্ভব।

এ সময় আওয়ামী লীগকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তিনি দাবি করেন, বাংলাদেশের মানুষ সন্ত্রাস বলতে আওয়ামী লীগের কর্মকাণ্ডকেই বোঝে। এ বিষয়ে ভারতের ভূমিকা নিয়েও অভিযোগ তোলেন তিনি।

‘জয় বাংলা’ স্লোগান প্রসঙ্গেও বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন কবির। তাঁর বক্তব্য, স্লোগানটি এখন পালিয়ে যাওয়া ও মৃত্যুর সঙ্গে সম্পর্কিত হয়ে পড়েছে।

দেশের চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। জনগণকে আস্থায় নিয়েই সরকার কাজ করছে বলে জানান তিনি।

আওয়ামী লীগের সমর্থকদের বিভিন্ন কর্মকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করে হুমায়ুন কবির দাবি করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা হলেও জনগণ আতঙ্কিত হচ্ছে না। বরং এসব ঘটনায় জড়িত ব্যক্তিরাই আতঙ্কিত হচ্ছে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ পরিবর্তন চায়। এ ধরনের কর্মকাণ্ডের কোনো গ্রহণযোগ্যতা নেই। জড়িত ব্যক্তিদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার কথাও বলেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সরকারের অবস্থান আরও কঠোর হবে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে সরকারের অবস্থান দৃঢ় থাকবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি