রাজধানীর তুরাগ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের জামালপুরের মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. ফরিদুল ইসলামকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে তুরাগ থানার শুক্রভাঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ফরিদুল ইসলামের বিরুদ্ধে তুরাগ থানাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিল ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে দুটি মামলার তথ্যও রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফরিদুল ইসলামের বাবার নাম মফিজ উদ্দিন মণ্ডল এবং মায়ের নাম লতিফা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পশ্চিম সুখনগরী। বর্তমানে তিনি তুরাগের শুক্রভাঙ্গা মোড় এলাকায় বসবাস করতেন।
তাঁর বিরুদ্ধে থাকা দুটি মামলার মধ্যে একটি ২০২৫ সালের ৬ জুলাই ডিএমপির যাত্রাবাড়ী থানায় দায়ের করা। ওই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। অন্য মামলাটি ২০২৪ সালের ২৯ নভেম্বর জামালপুরের মাদারগঞ্জ থানায় দায়ের করা হয়।
গ্রেপ্তার ফরিদুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।