কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার সকালে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দুপুর ১টায় সচিবালয়ে এনসিপি নেতাদের বৈঠক হবে। প্রতিনিধি দলে থাকবেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
এর আগে রোববার এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর দলের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। এ আমন্ত্রণকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এনসিপি।
দলটির অবস্থান তুলে ধরে সারোয়ার তুষার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত বলে মনে করে এনসিপি।