‘আলো আসবেই’ নামে আলোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে রাজধানীর তুরাগ থানার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি আবাসিক কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার ইলিয়াস কবির বুধবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত পৌনে ৩টার দিকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাননি তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের বিষয়টি আলোচনায় আসে। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক তৈরি হয়। গ্রুপের কয়েকজন অভিনয়শিল্পী, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তির কথোপকথনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আন্দোলনকারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য উঠে আসে। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন গ্রুপের সদস্যরা। জ্যোতিকা জ্যোতির নামও সদস্যদের তালিকায় ছিল।
এ ঘটনার পর ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দায়িত্ব পালন করতে গেলে সহকর্মীদের একাংশের বাধার মুখে পড়েন তিনি। সে সময় একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক দায়িত্বে ছিলেন জ্যোতিকা জ্যোতি। ‘আলো আসবেই’ গ্রুপে যুক্ত থাকা এবং আন্দোলনকারীদের বিপক্ষে অবস্থানের অভিযোগ তুলে তার বিরোধিতা করেন কয়েকজন সহকর্মী। পরে তিনি কার্যালয় ত্যাগ করেন।
এরপর একই বছরের ১ অক্টোবর বাংলাদেশ শিল্পকলা একাডেমি তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে।
সর্বশেষ ২০২৬ সালের জুলাইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের অভিযোগে সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের ২৮ ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি সংগঠন অভিযোগ জমা দেয়। ওই তালিকায় জ্যোতিকা জ্যোতির নামও ছিল। তবে অভিযোগ জমা দেওয়া মানেই তা প্রমাণিত হওয়া নয়।