শেরপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুকুরের কামড়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভাতশালা, লছমনপুর ও চরশেরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা, আহতদের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল থেকে কুকুরের একটি দল বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ায়। এ সময় সামনে পাওয়া নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে থাকে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের জরুরি ভিত্তিতে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। অন্য আহতরাও হাসপাতালে এলে প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা দেওয়া হবে।
শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. মাহমুদুল হাসান সোহাগ বলেন, আহত রোগীদের জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ রয়েছে।
কুকুরের কামড়ের শিকার হলে আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।