ময়মনসিংহের নান্দাইল পৌর শহরে উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে পাটখড়ি ভর্তি একটি চলন্ত ট্রাকে আগুন লেগেছে। সোমবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে নরসুন্দা নদীর ওপর আচারগাঁও ব্রিজে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে পুরো পৌর শহরের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে পাটখড়ি ভর্তি ট্রাকটি নান্দাইল বাজার হয়ে জাহাঙ্গীরপুর ইউনিয়নের একটি বাজারের দিকে যাচ্ছিল। পথে নান্দাইল বাজারের ওপর দিয়ে যাওয়া উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারের সঙ্গে ট্রাকে থাকা পাটখড়ির স্পর্শ লাগে। এতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
চলন্ত ট্রাকের বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন জ্বলতে থাকা অবস্থায় ট্রাকটি আচারগাঁও ব্রিজে পৌঁছালে স্থানীয় লোকজন চিৎকার করে চালককে গাড়ি থামাতে বলেন। পরে এলাকাবাসী নরসুন্দা নদী থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ট্রাক ও এর ভেতরে থাকা পাটখড়ির ব্যাপক ক্ষতি হয়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস ও পুলিশের দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, নান্দাইল পৌর শহরের বাজারের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে বৈদ্যুতিক লাইন চলে যাওয়ায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। গত এক সপ্তাহের ব্যবধানে পৌর বাজারের মধ্য বাজার এলাকায় পাটখড়ি ভর্তি আরেকটি ট্রাকে একই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
একের পর এক দুর্ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা। বাজারের ওপর দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক লাইন দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন তারা।