চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক ছাত্রী নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় এলাকায় পথচারী-সেতু নির্মাণের দাবিতে পাশের রেললাইনেও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন তাঁরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাইশা মুশফিরাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় আরও তিন ছাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি লরি প্রতিযোগিতা করে চলার সময় একটি লরি সড়কে দাঁড়িয়ে থাকা মিনিবাসকে ধাক্কা দেয়। এতে মিনিবাসটি কাত হয়ে উল্টে যায়। এ সময় বাসটির নিচে চাপা পড়ে প্রাণ হারান মাইশা।
অবরোধে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মারুফুল হক জানান, দুর্ঘটনার ঝুঁকি বিবেচনায় তাঁরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় এলাকায় পথচারী-সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। এক শিক্ষার্থীর মৃত্যুর পর সেই দাবি বাস্তবায়নের পাশাপাশি ঘটনার প্রতিবাদে তাঁরা সড়কে নেমেছেন।
বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল ইসলাম বলেন, সকালে বিশ্ববিদ্যালয়ের ফটক এলাকায় মিনিবাস থেকে নামার পরপরই সেটি উল্টে ওই ছাত্রীর ওপর পড়ে। একই ঘটনায় আরও তিনজন আহত হন।
তিনি জানান, স্থানীয় লোকজন লরি দুটি আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরি দুটি ও মিনিবাসটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চলছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী জানান, দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরেক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি বিষয়টি দেখভাল করছেন।