জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা ঘুষ গ্রহণের সময় ঢাকা জেলার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে হাতেনাতে আটক করে।
দুদক সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম চর-কামরাঙ্গী মৌজায় বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথক করা এবং স্কেচম্যাপ তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তিনি।
তবে পরবর্তী ছয় মাসে লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করাতে পারেননি। একপর্যায়ে তাঁকে সংশ্লিষ্ট কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
অভিযোগ অনুযায়ী, জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে আসাদুল ইসলাম তাঁর কাছে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেন। পরে বিষয়টি দুদককে জানান মনিরুল ইসলাম এবং ঘুষ গ্রহণের সময় অভিযুক্তকে হাতেনাতে আটক করার জন্য ফাঁদ অভিযান পরিচালনার অনুরোধ করেন।
অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার পরিকল্পিত অভিযান চালায় দুদকের বিশেষ দল। এ সময় এক লাখ টাকা ঘুষ গ্রহণের মুহূর্তে সার্ভেয়ার আসাদুল ইসলামকে আটক করা হয়।
দুদক জানিয়েছে, এ ঘটনায় আসাদুল ইসলামের বিরুদ্ধে ঢাকা-১ জেলা কার্যালয়ে মামলা দায়ের এবং তাঁকে আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।