ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সংগঠিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান শাহ মো. শাহাবুল আলমকে আহ্বায়ক এবং কায়েকোবাদকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ময়মনসিংহ জেলা কমান্ড কাউন্সিল কমিটির অনুমোদন দেয়। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মো. সোলাইমান মিয়া ও মহাসচিব মো. শফিকুল ইসলামের অনুমতিক্রমে জেলা কমান্ড কাউন্সিল এ অনুমোদন দেয়।
অনুমোদনপত্র অনুযায়ী, আহ্বায়ক শাহ মো. শাহাবুল আলম বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. মজের উদ্দিনের সন্তান। তিনি ত্রিশালের চরপাড়া এলাকার বাসিন্দা। অন্যদিকে সদস্য সচিব কায়েকোবাদ বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলামের সন্তান। তাঁর বাড়ি উপজেলার গোপালপুর এলাকায়।
নবগঠিত কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস। এ সময়ের মধ্যে উপজেলার সব ইউনিয়নে সংগঠনের কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি জেলা ও বিভাগীয় কমিটির সঙ্গে সমন্বয় করে সংগঠনের গঠনতন্ত্র ও প্রচলিত আইন অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।
অনুমোদনপত্র জারির ১৫ দিনের মধ্যে পরিচিতি সভা আয়োজন এবং স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, গঠনতন্ত্রবিরোধী বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে কমিটি বাতিল বলে গণ্য হবে। প্রয়োজনে কমিটির সদস্যসংখ্যা বাড়ানো, পরিবর্তন কিংবা বাতিলের ক্ষমতা জেলা কমান্ড কাউন্সিলের হাতে থাকবে।
সংশ্লিষ্টদের আশা, নতুন কমিটির মাধ্যমে ত্রিশালে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি জোরদার হবে। পাশাপাশি মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার, সামাজিক মর্যাদা ও কল্যাণে সংগঠনটি ভূমিকা রাখবে।